জেনে নিন

ফাস্টফুডে খেতে

আপডেট : ০১ নভেম্বর ২০১৩, ১৯:২৪
আজকের দিনে কাউকে যদি ফাস্ট ফুড খেতে নিষেধ করা হয়, তবে সে অল্প হলেও মন খারাপ করবে। পিত্জ্জা, বার্গার, স্যান্ডউইচ আমাদের প্রতিদিনের খাবার তালিকায় ঢুকে গেছে। বন্ধুদের আড্ডায়, অফিসের লাঞ্চে বা বাচ্চাদের স্কুলের টিফিনে এই ফাস্ট ফুডগুলো আমরা প্রতিনিয়ত খাচ্ছি। তৈরির ঝামেলা কম ও শুষ্ক বলে এবং বহন করতে সুবিধা হওয়াতে ‘জাঙ্ক ফুড’ বলে পরিচিত এই ফাস্ট ফুডগুলোকে মোটেও এড়িয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু স্বাস্থ্যের প্রতিও তো খেয়াল রাখতে হবে। তাই এখন সময় এসেছে কীভাবে ফাস্ট ফুডগুলোকে কিছুটা হলেও স্বাস্থ্যকর খাবারে রূপান্তর করা যায় তা ভেবে দেখার। ফাস্ট ফুড খেতে কেন আমাদের এত ভালো লাগে? কারণ হচ্ছে, এগুলোতে প্রচুর পরিমাণে ফ্যাটজাতীয় উপাদান ব্যবহার করা হয়। ফ্যাট খাবারকে সুস্বাদু ও রুচিকর করে, দেহ ও মনে এক ধরনের তৃপ্তিবোধ তৈরি করে। কিন্তু এই ফ্যাটজাতীয় উপাদান যেমন—মাখন, মেয়োনেজ, পনির, দই, ঘি, তেল ইত্যাদি যদি প্রতিদিন প্রচুর পরিমাণে খাওয়া হয় তবে স্থূলতা, হূদরোগসহ আনুষাঙ্গিক বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং তা সব বয়সীদের ক্ষেত্রেই সমান। এ ক্ষেত্রে একটু সচেতনতা সবাইকে এসব রোগের হাত থেকে রক্ষা করতে পারে। তাই বন্ধুদের সাথে কোনো ফাস্ট ফুডের দোকানে গিয়ে খাবার অর্ডার করার সময় একটু সচেতন হতে হবে। যেমন পিত্জ্জা, স্যান্ডউইচ অর্ডারের সময় তাতে পনির, মাখন, মেয়োনেজ যেন কম দেওয়া হয়, তা উল্লেখ করে দিতে হবে। এতে খাবারে ফ্যাটের পরিমাণ বেশ কমে আসবে। এর সাথে গ্রিন সালাদ অর্ডার করা হলে ভিটামিন ও মিনারেলের চাহিদা পূরণ হবে। তবে সালাদে ড্রেসিং বা গ্রেভি যেন যুক্ত করা না হয় সেদিকেও লক্ষ রাখতে হবে। কেননা এগুলোতেও প্রচুর মেয়োনেজ দেওয়া হয়। এ ছাড়া অনেক ফাস্ট ফুডের দোকানে নিজের ইচ্ছামতো অতিরিক্ত কিছু যুক্ত করার সুযোগ থাকে। এ ক্ষেত্রে ব্ল্যাক অলিভ, সুইট কর্ন, ক্যাপসিকাম, টমেটো ইত্যাদি সবজি ও ফল বেছে নিতে হবে। সব সময় বিফ ও চিকেন অর্ডার না দিয়ে মাঝেমধ্যে শুধু সবজি বা মাছ দিয়ে তৈরি পিত্জ্জা, বার্গার, স্যান্ডউইচ খেতে পারেন। অফিসে লাঞ্চে যদি ফাস্ট ফুড খেতেই হয় তবে এই নিয়ম মেনে খাবার অর্ডার করলে কোলেস্টরেল লেভেল কম রাখতে সহায়ক হবে। এর সাথে খেতে পারেন সালাদ ও সবজি। একটু ভেবে-চিন্তে যদি আমাদের খাবার মেন্যু তৈরি করি তবে ফাস্ট ফুডের ক্ষতিকর প্রভাব থেকে কিছুটা হলেও মুক্ত থাকতে পারব।