উপজেলার চাচীয়া মীরগঞ্জ গ্রামের ভূমিহীন গ্রাম পুলিশের বসতভিটা এক যুগ প্রভাবশালীদের দখলে। জানা গেছে, তারাপুর গ্রামের মৃত-খুজি মামুদের পুত্র গ্রাম পুলিশ আকবর আলী সরকারি খাস জমি বন্দোবস্ত নিয়ে বসবাসের জন্য ঘর উত্তোলন করেন। ঘর তোলার রাতেই প্রভাবশালীরা ভেঙ্গে নিয়ে যায়। আকবর আলীর আগে বসতি ছিল উজান তারাপুর গ্রামে। ১৯৮৩ সালে গ্রাম পুলিশ আকবর আলীর উপজেলার তারাপুর গ্রামের বসতভিটা তিস্তা নদীগর্ভে বিলীন হওয়ার পর থেকে বিভিন্ন স্থানে অন্যের জমিতে বসবাস করতে থাকেন। এ অবস্থায় মাথা গোঁজার ঠাঁই চেয়ে আবেদন করলে গাইবান্ধা জেলা প্রশাসক চাচীয়া মীরগঞ্জ গ্রামে ২৮ শতক খাস জমি গ্রাম পুলিশ আকবর ও তার স্ত্রী আছিয়া খাতুনের নামে ১৯৯৬ইং তারিখে ৩২৭০ নং দলিল মূলে ৯৯ বছরের জন্য লীজ দলিল সম্পাদন করে দেন। ঐ স্থানে আকবর আলী বসবাসের জন্য একটি ঘর তোলেন। প্রভাবশালীমহল ঐদিন রাতেই ঘরটি উচ্ছেদ করে। এক যুগ পেরিয়ে গেলেও প্রভাবশালীদের দখল থেকে তার জমিটুকু উদ্ধার করতে পারেনি। জমি উদ্ধারের আশায় আকবর আলী বিভিন্ন মহলে ধর্না দিচ্ছেন।
