রাজধানীর পান্থপথ এলাকায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে মুরাদ (১২) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির বাবার নাম জামাল হোসেন। গ্রীন রোডে আমবাগান বস্তিতে তারা থাকেন। মুরাদ লেগুনা গাড়ির হেলপার বলে জানা গেছে।
আহত মুরাদ জানায়, শুক্রবার দুপুর ১২ টার দিকে পান্থপথ ট্রাফিক সিগন্যালের পাশের রাস্তার আইল্যান্ডে লাল টেপ দিয়ে প্যাঁচানো একটি গোলাকার বস্তু দেখতে পেয়ে সেটিকে টেনিস বল মনে করে কুড়িয়ে নেয়। বস্তুটি হাতে নাড়াচাড়া করতেই প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। এতে তার দুই হাত ও মুখমণ্ডল ঝলসে যায়। পরে তার বাবা আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকদের পরামর্শে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
