শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে তাদের পরিণতি হবে মুসলিম লীগের মতো। হুমকি-ধামকি, হরতাল-অবরোধ দিয়ে নির্বাচন বানচাল করা যাবে না। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় নির্বাচন হবে। সংবিধান থেকে একচুলও বর্তমান সরকার নড়বে না।
শুক্রবার শাহবাগস্থ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা বিভাগীয় শাখার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য এবং তাদের বিচারকে বাধাগ্রস্ত করার জন্য হরতালের নামে জ্বালাও-পোড়াও করে আরেকটি ওয়ান ইলেভেন সৃষ্টির পাঁয়তারা করছে বিএনপি।
সংগঠনের ঢাকা বিভাগীয় শাখার যুগ্ম আহ্বায়ক ফেরদৌস খান আলমগীরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও মুখপাত্র অরুন সরকার রানা, আওয়ামী লীগ নেতা অধ্যাপক ফজলুল হক, সহকারী এটর্নি জেনারেল ইয়াদিয়া জামান প্রমুখ।
