বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দেয়া হবে। আমরা অনেক সহ্য করেছি, তবে আমরা সংলাপ চাই। একই দাবিতে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ধ্বংসাত্মক আন্দোলন করেছে। প্রয়োজনে আমরা সেদিকে হাঁটবো।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে স্বদেশ জাগরণ পরিষদ আয়োজিত ‘আলোচনার নামে বিভ্রান্তি: গণতান্ত্রিক শক্তির দায়িত্ব’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম আযাদ, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমতুল্লাহ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিন খান প্রমুখ।
মওদুদ বলেন, যতো সময় যাবে-জনগণ আন্দোলনের সঙ্গে আরো বেশি সম্পৃক্ত হবে। বাংলাদেশের মানুষ ত্যাগ স্বীকারে প্রস্তুত আছে। নির্বাচনকালীন নির্দলীয় সরকার ইস্যুতে সংলাপ হতে পারে, তবে আমাদের আন্দোলন কর্মসূচিও চলবে। কোনো অবস্থাতেই কর্মসূচি স্থগিত করা হবে না। শিথিলও হবে না। তিনি বলেন, আমরা আওয়ামী লীগকে বিশ্বাস করি না। তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে তা বাংলাদেশের ১০ ভাগ মানুষও বিশ্বাস করে না। এ সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না।
