চীনা প্রশাসন ফটোশপে এত খারাপ!

আপডেট : ০১ নভেম্বর ২০১৩, ২২:৪৯
বর্তমানে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন। কিন্তু এই দেশের সরকারি কর্মকর্তারা ওয়েবসাইটে একটি ছবি প্রকাশ করলেন যা ভুয়া বলে প্রমাণিত হলো এবং বিশ্ববাসীর হাসির খোরাক যোগালো। ছবিটি এত কাঁচা হাতে ফটোশপে এডিট করা হয়েছে যে তা যে কারো চোখে ধরা পড়বে। এর আগেও চীনারা ছবি জালিয়াতি করতে গিয়ে হাসির পাত্র হয়েছে। দেশটির অ্যানহুই প্রদেশের সরকারি ওয়েবসাইটে একটি ছবি প্রকাশ করা হয়েছে। ছবির ক্যাপশনে বলা হচ্ছে, চীন বয়স্কদের প্রতি অনেক যত্নশীল এবং এটাই দেশটির ঐতিহ্য। ছবিতে দেখা যায়, কমিউনিস্ট পার্টির চারজন প্রতিনিধি চেং ইয়াংচান নামের ১০৩ বছরের এক বয়স্ক মহিলাকে দেখতে গেছেন। তাকে ভাল-মন্দ জিজ্ঞাসা করা হচ্ছে। কিন্তু এই চারজনের সবাইকে ফটোশপের মাধ্যমে দাঁড় করানো হয়েছে, যেটি একটু খেয়াল করলেই বোঝা যায়। প্রশাসনের এজাতীয় ছবি জালিয়াতির চেষ্টা নিয়ে ইন্টারনেট জগতে হাসির রোল পড়ে যায়। তবে সরকার এক বিবৃতিতে বলেছে, ছবিটি কম্পিউটারে বানানো হতে পারে। কিন্তু চারজন প্রতিনিধি যে ইয়াংচানকে দেখতে গিয়েছিলেন সেটি মিথ্যা নয়। - ইউপিআই