বকশীগঞ্জে ৩ বছরে শেষ হয়নি সড়কের নির্মাণ

আপডেট : ০২ নভেম্বর ২০১৩, ২১:০৮
দীর্ঘ ৩ বছরেও বকশীগঞ্জ-ধর্মকুড়া সড়ক নির্মাণ কাজ শেষ হয়নি। ফলে ইসলামপুর ও বকশীগঞ্জ উপজেলার লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগের শিকার। বকশীগঞ্জ উপজেলার সাথে প্রতিবেশি ইসলামপুর উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এলজিইডি বকশীগঞ্জ-ধর্মকুড়া সড়কের ১৭০০ মিটার রাস্তা পাকাকরণের জন্য ২০১১ সালে দরপত্র আহবান করে। ৭৯,১৫৯০৪ টাকা চুক্তিমূল্যে নির্মাণ কাজ পায় জামালপুরের মেসার্স আমজাদ হোসেন নামে এক ঠিকাদারী প্রতিষ্ঠান। একই সালের ১০ ফেব্রুয়ারি রাস্তার কাজ শুরু হয়। এই কাজের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান সরকারি কোষাগার থেকে ৫৮২১১৫৭ টাকা উত্তোলন করেন। ছয় মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও মাত্র ৩০ ভাগ কাজ করে পালিয়ে যায় ঐ নির্মাণ প্রতিষ্ঠান। এর পর ৩ বছর যাবত্ সড়কটির নির্মাণ কাজ বন্ধ রয়েছে। সড়কটির নির্মাণ কাজ শেষ না হওয়ায় এই সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে পারছে না। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী হেদায়েত উল্লাহ জানান, কাজ না করে চলে যাওয়ার কারণে ঠিকাদারী প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে নতুন দরপত্রের মাধ্যমে নির্মাণ কাজ শুরু করা হবে।