আলোচনার মধ্য দিয়েই রাজনৈতিক সমস্যা নিরসন হবে

আপডেট : ০২ নভেম্বর ২০১৩, ২২:৫৪
জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমীন চৌধুরী বলেছেন, আশা করছি সরকারি ও বিরোধী দলের মধ্যে আলোচনার মধ্য দিয়েই রাজনৈতিক সমস্যা বা সংকট নিরসন হবে। তিনি গতকাল শনিবার গাজীপুরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে পাঁচ দিনব্যাপী ৫ম জাতীয় স্কাউট অ্যাগোনরি-২০১৩-এর উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। এর আগে সকালে তিনি প্রধান অতিথি হিসেবে জাতীয় স্কাউট অ্যাগোনরি-২০১৩- আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাগোনরি সাংগঠনিক কমিটির সভাপতি ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম। বক্তব্য রাখেন অ্যাগোনরি চীফ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. আবুল কালাম আজাদ, স্কাউটসের এক্সটেনশন স্কাউটিং বিষয়ক কর্মকর্তা নাজমা শামস প্রমুখ। এর আগে প্রধান অতিথিকে অভ্যর্থনা, অ্যাগোনরি ব্যাজ ও স্কার্ফ প্রদান করা হয় এবং বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) স্কাউট সদস্যরা ডিসপ্লে ও নৃত্য পরিবেশন করে। স্পীকার আরো বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন কিশোর-কিশোরীদের জন্য বিকাশ লাভে একটি অনন্য সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের সমাজে কোন অংশই যাতে পিছিয়ে না থাকে। সকলেই যেন সমানভাবে এগিয়ে আসতে পারে।