টিকিটের জন্য দীর্ঘ প্রতীক্ষা

না.গঞ্জে ভিড় সামাল দিতে কয়েক দফা লাঠিচার্জ

আপডেট : ০২ নভেম্বর ২০১৩, ২২:৫৮
শুক্রবার সকালে টিকেট নিয়ে এক দফা সংঘর্ষের পর কিছুটা বিমর্ষ ছিলেন সরকারি তোলারাম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আলমগীর কবির; কিন্তু খেলা দেখার অদম্য নেশা তাকে দমিয়ে রাখতে পারেনি। শুক্রবার ৮টার মধ্যেই আরো ১০-১১ জন বন্ধু নিয়ে হাজির শহরের চাষাঢ়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের নিচে। সঙ্গে এনেছিলেন মশার কয়েল, নিউজপেপার আর দাবা। কয়েল জ্বালিয়ে পেপারের উপর বসে সারারাত চলে তাদের আড্ডা। রাত যত গভীর হয় মানুষের ভিড়ও বাড়তে থাকে। সকালে যখন সূর্য উঠে আকাশের পূর্ব কোণে তখন মানুষের লাইন চাষাঢ়া থেকে শুরু উকিলপাড়া পর্যন্ত। সকালে টিকেট হাতে পেয়ে যেন উচ্ছ্বাস ভেঙে পড়ে তার উপর; কিন্তু ততক্ষণে প্রখর রোদে লাইনে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ। আজ রবিবার নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশের সঙ্গে নিউজিল্যান্ডের সিরিজের শেষ খোলা। শনিবার সকালে সরেজমিনে দেখা গেছে, চাষাঢ়া শহীদ মিনার থেকে শুরু করে উকিলপাড়া পর্যন্ত মানুষের লাইন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে বার বার লাঠিচার্জ করতে হয়; কিন্তু কিছুতেই দমেনি টিকেট প্রত্যাশীরা। মানুষের এতটাই চাপ ছিল যে, যাতে বেগতিক কিছু না ঘটে সেজন্য মোতায়েন রাখা হয় সাজোয়া যান। অন্যদিকে শহরের টানবাজার এলাকাতেও ইউসিবি ব্যাংকের সামনেও ছিল প্রচুর লাইন। সকাল ৯টা হতে টিকেট বিক্রি শুরু হয় চাষাঢ়ায় ও টানবাজারে অবস্থিত ইউসিবি ব্যাংকের শাখায়; কিন্তু এর আগে শুক্রবার রাত থেকেই ছিল প্রচুর ভিড়। এদিকে মানুষের অতিরিক্ত লাইনের কারণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হিমশিম খেতে হয়। কয়েক দফা লাঠিচার্জ ও সাজোয়া যান দিয়ে ধাওয়া দেয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সাজোয়া যান, পুলিশ মোতায়েন আছে।