চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে গতকাল শনিবার আলাউদ্দিন নামে মধ্যপ্রাচ্য ফেরত যাত্রীর লাগেজে তল্লাশি করে ২৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ সময় যাত্রীর ভাই পরিচয়দানকারী ফরহাদ হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তি নগরীর পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপো এলাকার একটি দোকানে চাকরি করে। এ ঘটনায় গতকাল দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি বলে পতেঙ্গা থানার ওসি ইত্তেফাককে জানায়।
বিমানবন্দর সূত্র জানায়, এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট গতকাল মধ্যপ্রাচ্যের কাতার থেকে সংযুক্ত আরব আমিরাত হয়ে শাহ আমানত বিমানবন্দরে আসে। এই ফ্লাইটে সারজা থেকে আসা যাত্রী আলাউদ্দিন তার ২টি হ্যান্ড লাগেজ নিতে গতকাল সকালে ফরহাদ হোসেন নামে এক ব্যক্তিকে বিমানবন্দরে পাঠান। কাস্টমস কর্মকর্তাদের সন্দেহ হলে লাগেজ ২টি স্ক্যান করে একটির ভেতরে ২৫টি স্বর্ণের বার পাওয়া যায়। বারগুলো লাগেজের হাতলের সাথে কালো টেপ দিয়ে বাঁধা অবস্থায় ছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর স্বর্ণ চোরাচালানের নিরাপদ রুটে পরিণত হয়েছে। এ বিমানবন্দরে গত ৪ মাসে স্বর্ণের বার উদ্ধার করার এটি ৪র্থ ঘটনা। বিমানবন্দরের সাথে জড়িত প্রভাবশালী মহল জড়িত থাকায় স্বর্ণ চোরাচালানের ঘটনা বেড়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
