প্র জ ন্মে র ফে স বু ক

এফএনএফ ফটোগ্রাফি

আপডেট : ০৩ নভেম্বর ২০১৩, ২০:০৪
একসময় ফটোগ্রাফি ছিল আর্ট কিংবা পোর্ট্রেট কিংবা ফ্যামিলি ফটোগ্রাফির মধ্যে সীমাবদ্ধ। কিন্তু প্রজন্মের হাত ধরে ধীরে ধীরে ডালপালা তৈরি হয়েছে ফটোগ্রাফির। বিভিন্ন সেগমেন্ট তৈরি হয়েছে। শুধু তাই নয়, এসব সেগমেন্ট কাজ করে উপার্জনও করছেন এ প্রজন্মের ফটোগ্রাফাররা। ফটোগ্রাফির এই ধারাগুলোর একটি হলো ওয়েডিং ফটোগ্রাফি। একসময় ওয়েডিং ফটোগ্রাফি তেমন গুরুত্ব পেত না। ফটোগ্রাফারদের বলা হতো ক্যামেরাম্যান। তবে সেই সময়টা আর নেই, পাল্টে গেছে প্রেক্ষাপট। আজকাল অনেকেই বিয়ের ফটোগ্রাফিকে গুরুত্ব দেন। কারণ বিয়ের মধুর স্মৃতি ধরে রাখার জন্য এর চেয়ে উত্তম মাধ্যম আর কিছু হতে পারে না। কিছু প্রতিষ্ঠান এবং পেশাদার ফটোগ্রাফার আছেন, যারা আপনার বিয়েটা স্মরণীয় করে রাখতে সাহায্য করতে পারেন। এমনই একজন হলেন এ প্রজন্মের তরুণ ফটোগ্রাফার ফারাহ আকলিমা। তিনি মনে করেন ফটোগ্রাফি শুধুই প্রফেশনাল কোনো বিষয় নয়, সেটা কারও সাথে সম্পর্ক স্থাপনের একটা মাধ্যমও। সেই সাথে এর মাধ্যমে ধরে রাখা যায় প্রিয় মুহূর্তগুলোও। এই ভাবনা থেকে ফারাহ যাত্রা শুরু করেন ফটোগ্রাফির হাত ধরে। চলার পথে পেয়েছেন সফলতাও। তিনি মনে করেন, সৌন্দর্য শুধু ছবিতে নয়, সুন্দর ছবির জন্য প্রয়োজন কম্পোজিশন ও পরিবেশও। আর তাই তিনি কাজে ফুটিয়ে তোলার চেষ্টা করেন মানুষের স্বাভাবিক সৌন্দর্যকে। চট্টগ্রামবাসী এই মেধাবী ওয়েডিং ফটোগ্রাফার হিসেবে বেশ ভালোই জনপ্রিয়তা অর্জন করেছেন খুব অল্প সময়েই। বিশেষ করে সৃজনশীল কাজের জন্য অনেকেই চেনে তাকে। পরিচিতদের গণ্ডি পেরিয়ে চেনা-অচেনা অনেকের মাঝেই ওয়েডিং ফটোগ্রাফার হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। তার ফেসবুক পেজ এফএনএফ ফটোগ্রাফিতে গেলে তার জনপ্রিয়তার কিছু চিহ্ন পাওয়া যায়। আর তার ফটোগ্রাফির সেবা পাওয়ার জন্য আগ্রহীদের যেতে হবে তার ফেসবুকের পেজটিতে। তার ওয়েডিং ফটোগ্রাফির এই ফেসবুক পেজটিকে পছন্দ করেছেন প্রায় ৩৪,০০৪ জন। এফএনএফ ফটোগ্রাফির এই পেজটির মাধ্যমে যেকেউ ওয়েডিং ফটোগ্রাফির জন্য ফারাহ আকলিমার সাথে যোগাযোগ করতে পারেন।