ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আট হাজার ৯৬ ভর্তিচ্ছু শিক্ষার্থী। আসন সীমিত থাকায় এর মধ্যে ভর্তির সুযোগ পাবে এক হাজার ৩৫৬ জন। ফলে উত্তীর্ণ ৬ হাজার ৭৪০ ভর্তিচ্ছু ভর্তি হতে পারবেন না।
রবিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে এই ফলাফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। ঘ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানান, গত শুক্রবার অনুষ্ঠিত এ পরীক্ষায় মোট ৭১ হাজার ১৩ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাত্কারের তারিখ ও সময়সূচি শিগগিরই জানানো হবে। সাক্ষাত্কারের সময় শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র আনতে হবে।
অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রশীদ জানান, প্রকাশিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েব সাইট থেকে জানা যাবে। এছাড়া, বাংলালিংক, রবি, এয়ারটেল এবং সিটিসেল মোবাইল ফোন থেকে du gha roll no টাইপ করে 16321 নম্বরে send করলে ফিরতি SMS এর মাধ্যমে ফলাফল জানা যাবে।
