আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিরোধী দলের ডাকা ৬০ ঘণ্টার হরতাল প্রত্যাহার না করলে নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির সঙ্গে কোন আলোচনা হবে না। সংলাপ চাইলে হরতাল প্রত্যাহার করে আলোচনার পরিবেশ সৃষ্টি করতে হবে। গতকাল রবিবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় তিনি এ কথা বলেন। সৈয়দ আশরাফ বলেন, আমরা আলোচনায় বিশ্বাসী। প্রধানমন্ত্রী কয়েক দিন আগে আলোচনার জন্যই বিরোধী দলীয় নেতাকে ফোন করেছিলেন। আলোচনার জন্যই প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে ৩৭ মিনিট কথা হয়। গণমাধ্যমে যা শুনেছেন তা আপনারা সামান্যই শুনেছেন। আরো অশ্লীল কথা বলেছেন বিরোধী দলীয় নেত্রী। আপনাদের সবটাই শোনানো হয়নি। সৈয়দ আশরাফ বলেন, বিএনপি স্বাভাবিক রাজনীতির পথে নেই। তারা হরতালের নামে অস্ত্র হাতে মানুষ হত্যা করছে। হত্যা, ক্যু ও ষড়যন্ত্রই তাদের রাজনীতির মূলভিত্তি। অতীতে তারা ক্ষমতায় থাকতে দেশকে তালেবানি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। যা দেশবাসীর স্মৃতি থেকে এখনো মুছে যায়নি।
