গ্রামীণ ব্যাংক আইনের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ

আপডেট : ০৩ নভেম্বর ২০১৩, ২২:৩০
দেশের বিভিন্ন স্থানে গতকাল রবিবার গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ ২০১৩-এর বিরুদ্ধে প্রতিবাদ ও বাতিলের দাবিতে সভা, সংবাদ সম্মেলন ও মানববন্ধন হয়েছে। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা এসব আয়োজন করে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর। চট্টগ্রাম অফিস:গ্রামীণ ব্যাংকের চট্টগ্রাম জোনের উদ্যোগে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের অনুপস্থিতিতেও তার আদর্শে অনুপ্রাণিত হয়ে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা স্বচ্ছ ও আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। নতুন আইন বাস্তবায়িত হলে ব্যাংকের কাঠামো ভেঙ্গে পড়বে। এ সময় গ্রামীণ ব্যাংক জোনাল ম্যানেজার মো. জামিল আখতার, মো. নুরুন্নবী, কর্মচারী সমিতির জোন সভাপতি মো. নূরের ছাফা প্রমুখ উপস্থিত ছিলেন। গাজীপুর প্রতিনিধি:জেলা সদরের তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা মানববন্ধন করেছে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যাংক কর্মচারী সমিতি গাজীপুর এরিয়া প্রতিনিধি মো. আব্দুল মোমিন। তিনি বলেন, এ ব্যাংক রাজনীতিমুক্ত, স্বচ্ছ এবং স্বশাসিত একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ক্ষমতা খর্ব করে গ্রামীণ ব্যাংক আইন ২০১৩ নামে সরকার আইন করতে যাচ্ছে। আমরা এ আইনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। চাঁদপুর প্রতিনিধি:শহরের ওয়ারলেছ এলাকায় জোন অফিসে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি চাঁদপুর জোন সভাপতি মো. মিজানুর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা এ আইন বাস্তবায়ন না করার দাবি জানাচ্ছি। এর সাথে আমাদের জোনের ১ লাখ ৩৮ হাজার সদস্যের সমর্থন রয়েছে। স্টাফ রিপোর্টার, দিনাজপুর:ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। ব্যাংক কর্মচারী সমিতি দিনাজপুরের সভাপতি রইসুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। গাইবান্ধা প্রতিনিধি:জেলার ডিবি রোডে স্থানীয় জোনের গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছে। এতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও তাদের পরিবারের সদস্যরা অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, ওই আইন বাস্তবায়িত হলে গ্রামীণ ব্যাংকের ৮৪ লাখ দরিদ্র নারী তাদের বেঁচে থাকার ক্ষমতা হারাবে। ফরিদপুর প্রতিনিধি:শহরের রাজবাড়ীর রাস্তার মোড়ে গ্রামীণ ব্যাংকের ফরিদপুর জোনের কর্মচারী সমিতির উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন হয়েছে। এ সময় বক্তব্য রাখেন ব্যাংকের ফরিদপুর জোনের জোনাল ম্যানেজার মো. গোলাম সারোয়ার খান, ফরিদপুর জোনের অডিট অফিসার নিপুন কুমার বিশ্বাস প্রমুখ। এছাড়া গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা, সিংড়া (নাটোর) সংবাদদাতা, মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা, কাপাসিয়া সংবাদদাতা, কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা, বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা, আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা, বেড়া (পাবনা) সংবাদদাতা, রামু (কক্সবাজার) সংবাদদাতা, চাটমোহর (পাবনা) সংবাদদাতা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের প্রতিবাদ সভা, সংবাদ সম্মেলন ও মানববন্ধন করার খবর জানিয়েছে।