ভিনদেশের ফ্যাশন

আপডেট : ০৪ নভেম্বর ২০১৩, ১৮:২৫
স্টাইলশপ শুরু থেকেই পরিবেশটা অন্যরকম, ঢুকতেই বিশাল অভ্যর্থনার ব্যবস্থা। পোশাকের দোকানও যে অনেক খোলামেলা হতে পারে, সেটা দেখতে হলে আপনাকে আসতে হবে গুলশানের রিয়াওয়াতে। পাকিস্তানি পোশাকের বিপুল সমাহার নিয়ে মাসকয়েক হলো যাত্রা শুরু করেই তারা ক্রেতার পছন্দের শীর্ষে চলে এসেছেন। দেশীয় পোশাকের পাশাপাশি বিদেশি পোশাকের প্রতি মানুষের আগ্রহকে ঘিরেই আমাদের দেশে এসেছে অনেক প্রতিষ্ঠান। আর পছন্দ ও রুচির ক্ষেত্রে উপমহাদেশের পোশাকই বরাবর আমাদের কাছে প্রিয়। পাকিস্তানি পোশাকের সাম্রাজ্য নিয়ে যাত্রা শুরু করা রিয়াওয়াতের শো-রুম ঘুরে এসে লিখেছেন সাজেদুল ইসলাম শুভ্র, ছবি তুলেছেন দীপঙ্কর দীপু ফ্যাশনের ধ্বজা সব সময়ই আধুনিক শহুরে তরুণ-তরুণীরা বয়ে বেড়ায়। তাদের ফ্যাশন সচেতনতাই ফ্যাশনে বারবার এনেছে বৈচিত্র্য এবং ঘটিয়েছে নতুন ফ্যাশনের আগমন। তবে, ফ্যাশন বৈচিত্র্যের প্রকাশ তরুণ-তরুণীদের মাধ্যমে ছড়ালেও ফ্যাশনের সৃষ্টিশীলতা ও বৈচিত্র্যের মূল কারিগর ফ্যাশন হাউসগুলো। নগরীর ফ্যাশন হাউসগুলো তাই ফ্যাশনসচেতন তরুণ-তরুণীদের ভিড়ে সর্বদা কোলাহল মুখর। রিয়াওয়াত ফ্যাশন হাউস ফ্যাশন-অনুরাগী সবার মাঝেই বিশেষ ও মর্যাদাশীল একটি ব্র্যান্ড হিসেবে আবির্ভূত হয়েছে। এখানে যেমন রয়েছে জমকালো বিয়ের পোশাক, তেমনি পাবেন বাহারি ডিজাইনের সব সাধারণ পোশাকও। ছেলেরা যারা কাবলি পছন্দ করেন, তাদের জন্য রিয়াওয়াত হতে পারে দারুণ এক উত্স। আসছে শীতে কাশ্মিরী শালে নিজেকে জড়িয়ে নিতে ঢু মারতে পারেন এখানে। কোর্তার অনেক কালেকশন রয়েছে সেখানে। রিয়াওয়াতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এখানের কোনো পোশাক আপনার সাইজে না হলেও সমস্যা নেই, পাশেই মেকার বসে আছেন। আনস্টিচড পোশাকটা নিজের মতো করে সেলাই করে নিতে পারেন আপনি, তার জন্য বাড়তি কিছু পয়সা গুনতে হলেও অপচয় হবে না বৈকি! পোশাকটা তো ঠিকই পাচ্ছেন আপনি। রিয়াওয়াতের খোলামেলা পরিবেশে ভিন্ন শপিং অভিজ্ঞতা হবে আপনার সেটা তো আগেই বলেছি। বিশেষ উত্সবের সময়ে রয়েছে আপ্যায়নেরও সুব্যবস্থা। প্রিয়জনের শপিং সারতে সারতে আপনি উলটে পালটে কিছুক্ষণ দেখে নিতে পারেন সর্বশেষ ম্যাগাজিনগুলোও। সবমিলিয়েই নতুন এক রকমের কেনাকাটার স্বাদ পাবেন, যেখানে নির্দ্বিধায় সেরা পণ্যটাই বেছে রেখে দেওয়া হয়েছে আপনার জন্য। এ ক ন জ রে কোথায় :গুলশানের ২৭ নম্বর সড়কে ৮৭/এ বাসা। কখন যাবেন :রবিবার বাদে সপ্তাহে যেকোনো দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। ব্যবস্থাপকের ভাষ্য :রিয়াওয়াত এর ম্যানেজার মো. ইমরান আলী জানালেন, এটি মূলত নোকন গ্রুপের একটি প্রতিষ্ঠান হিসেবে দেশে প্রথম গুলশানেই যাত্রা শুরু করে। অন্যত্রও খুব শিগগিরই শুরু হবে তাদের আউটলেট। আর মান ধরে রাখার যে প্রয়াস সেদিকে সব সময়ই খেয়াল রাখা হয়। তার কাছে জানতে চেয়েছিলাম তারা মূলত কাদের লক্ষ্য করে তাদের জিনিসগুলো তৈরি করে থাকেন? তিনি বলেন, ‘সাধারণত তরুণ প্রজন্মের যারা ফ্যাশনসচেতন, তারাই আমাদের মূল লক্ষ্য। তাদের পছন্দের পোশাকটি তাদের উপযোগী করে তৈরি করে দিয়ে থাকে রিয়াওয়াত।’