সুরের ভেলায়

অফ ট্র্যাক

আপডেট : ০৪ নভেম্বর ২০১৩, ১৮:২৬
ফুডজোন রাজধানীর বনানীর ১১ নম্বর রোডে সারি সারি খাবার দোকানের মাঝে একটু ভিন্নধারায় আত্মপ্রকাশ করেছে নতুন রেস্তোরাঁ ‘অফ ট্র্যাক’। খাবারের সঙ্গে তাদের প্রতিদিনের পরিবেশনায় থাকছে লাইভ মিউজিক। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ভোজনরসিক শ্রোতাদের গান শোনাতে শুরু করে তাদের নিজস্ব ব্যান্ড। চাইলে অনুরোধের আসরও বসায় তারা। সুরের ভেলায় ভেসে জনপ্রিয় হয়ে ওঠা এই রেস্টুরেন্টটি ঘুরে এসে লিখেছেন সাজেদুল ইসলাম শুভ্র, ছবি তুলেছেন দীপঙ্কর দীপু ‘কত আশা ছিল তার জীবনে/সব স্মৃতি রেখে গেল মরণে/মা তার পাশে চেয়ে বসে আছে/হায় আমার বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ।’ পপসম্রাট আজম খানের এই গানের কলিতে যেন শিউরে ওঠে পুরো শরীর। এ গান আপনাকে স্মৃতির পাতা থেকে ঘুরিয়ে আনবে মুহূর্তের মধ্যে। কাচের দেয়ালজুড়ে রয়েছে এমন সব গানের অসংখ্য কলি। শুধু এ দেশের পপসম্রাটই নয়, রয়েছে বিভিন্ন দেশের বিখ্যাত সংগীতজ্ঞদের ছবিসহ গানের কলি। বলছি এক রেস্টুরেন্টের কথা ‘অফ ট্রাক’। বনানী ১১ নম্বর রোডে এর অবস্থান। নিশ্চয় বুঝতে পারছেন এটি মিউজিক রেস্টুরেন্ট। বনানীবাসীর জন্য এটা যেন একটু বাড়তি পাওনা। রেস্টুরেন্ট একই জায়গায় হলেও পাবেন দুটি ভিন্ন আমেজ। ১০ তলা বিল্ডিংটির লিফটের ৯-এ গেলেই পাবেন এটি। পরিকল্পিতভাবে সাজানো একটি জায়গা। পুরো জায়গায় রয়েছে সাদা-কালোর সুন্দর সমন্বয়। ঠাণ্ডা পরিবেশে একটুখানি জিরিয়ে নিতে পারেন আরামদায়ক সোফায়। কাচের দেওয়াল ভেদ করে আপনার নজর ছুটে যেতে পারে দূরে কোথাও। তবে তা থামিয়ে দেবে বিশ্বখ্যাত সংগীতজ্ঞদের ছবি আর গান। আর সন্ধ্যা হলে তো কথাই নেই। কারণ এ সময় প্রতিদিনই থাকছে লাইভ মিউজিক। সেখানে প্রাধান্য পায় দেশি গানগুলো। আপনাকে যেন বেঁধে রাখবে তাদের গানের মায়াজালে। মিউজিক, হালকা আলো আর সঙ্গে খাবার। সত্যিই উপভোগ্য! আর যদি এই সময়গুলো রোমান্সের সঙ্গে নিজেরা উপভোগ করতে চান, তাহলে ডান পাশে সিঁড়ি ধরে ওপরে চলে আসতে পারেন। রুফটপের এই পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। দিন থেকে রাতের বেলায় উপভোগ্য হয়ে ওঠে জায়গাটি। হালকা ঠাণ্ডা প্রাকৃতিক বাতাস, খোলা আকাশ, আলো-আঁধারি সাজ। কাঠের তৈরি বসার জায়গাগুলো নিয়ে এসেছে প্রাকৃতিক একটি ভাব। সেই সঙ্গে হালকা মিউজিক। একপাশে রয়েছে বারবিকিউ জোন আর একপাশে জুসবার। সব ধরনের ভোজনরসিক আসতে পারবেন। এখানে খাবারের কোনো ক্যাটাগরি না থাকলেও আয়োজন অনেকটাই রিজনেবল বলে দাবি করেন পরিচালক শাহিন। থাই, চায়নিজ, ইন্ডিয়ান, বারবিকিউ, দেশি কাবাবসহ বিভিন্ন খাবারকে প্রাধান্য দেওয়া হয়েছে। খাবারের মান ধরে রাখতে প্রতিটি খাবারের জন্য রয়েছে আলাদা শেফ। রেগুলার মেন্যুর পাশাপাশি পাবেন বেশ কিছু কম্বো প্যাকেট, যা সেট মেন্যু নামে পরিচিত। সকালের নাশতা থেকে রাতের খাবার সবই মিলবে এখানে। ফ্রাইড রাইস, নানের সঙ্গে চিকেন, বিফ বা ফিশ আইটেম নিতে পারেন ভারী খাবারের জন্য। রাতের পরিবেশের সঙ্গে ভিন্ন খাবারের স্বাদ নিতে চাইলে আছে পোড়া স্বাদের বারবিকিউ অথবা স্যুপ আইটেম। এ ছাড়া অফ ট্র্যাকের স্পেশাল আইটেম তো থাকছেই। রিফ্রেশের জন্য পাবেন বিভিন্ন কফি ও জুস। খাবারের পূর্ণতা আনতে মজাদার স্বাদের ডেজার্ট। এ ক ন জ রে কোথায় :স্কাইলার্ক মার্ক, রোড-১১, বাড়ি-৮৪, ব্লক ডি, বনানী। কখন যাবেন :অফ ট্র্যাক রেস্তোরাঁ খোলা পাওয়া যাবে রাত সাড়ে ১২টা পর্যন্ত। তবে শেষ অর্ডার নেওয়া হবে রাত সাড়ে ১১টায়। পার্টির জন্য বুকিং নিতেও প্রস্তুত আছে তারা। এর জন্য কথা বলতে পারেন এই নম্বরে :৯৮৮৩১৪১।