সম্পর্কের উন্নয়নে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সৌদি সফর

আপডেট : ০৪ নভেম্বর ২০১৩, ২০:২৭
মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে গতকাল সৌদি আরব পৌঁছান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সিরিয়া ও ইরানের ব্যাপারে বর্তমান অবস্থানের কারণে দীর্ঘদিনের মিত্র সৌদি আরবের সাথে যুক্তরাষ্টের সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছে তা দূর করা এবং দ্বি-পাক্ষিক সম্পর্কের উন্নতি ঘটানোই এই সফরের লক্ষ্য বলে ধারণা করা হচ্ছে। এর আগে আকস্মিক সফরে মিসরে যান কেরি। কিছুদিন আগে সৌদি গোয়েন্দা প্রধান প্রিন্স বন্দর বিন সুলতান ইউরোপের কূটনীতিবিদদের বলেন, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে বড় ধরনের পরিবর্তন আনবে সৌদি আরব। কেরি সিরিয়া ও মিসরসহ অন্য যেসব ইস্যুতে সৌদি আরবের সাথে দূরত্ব তৈরি হয়েছে তা দূর করার চেষ্টা করবেন। সৌদি আরব আশংকা করছে সিরিয়ায় ইরানের মদদপুষ্ট সরকার কায়েম হতে পারে। ইরানের সাথে মার্কিন সম্পর্কে কিছুটা উন্নতি ঘটাতেও উদ্বিগ্ন দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র সৌদি আরব। মিসর থেকে সৌদি আরবের দিকে রওনা হওয়ার পথে কেরি বলেন, যুক্তরাষ্ট্র কখনও সৌদি আরব, জর্ডান, মিসরের মত মিত্র দেশকে অন্য দেশের আক্রমণের শিকার হতে দেবে না। তবে যুক্তরাষ্ট্র বর্তমান মিসর সরকারের সঙ্গে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন কেরি। দেশটিতে গণতন্ত্র ফিরে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।