শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার হাতিবান্দা মালিঝি নদীর বিধ্বস্ত স্লুইচ গেইট ২ যুগেও সংস্কার করা হয়নি। ফলে এলাকার কৃষকরা এর সুফল থেকে বঞ্চিত হচ্ছে। বিধ্বস্ত স্লুইচ গেইট মেরামত করা হলে এলাকার ২ হাজার কৃষক সেচ সুবিধা পাবে। ঝিনাইগাতী উপজেলার হাতিবান্দা ইউয়িনের চেয়ারম্যান নাসিরউদ্দিন জানান, হাতিবান্দা ও মালিঝিকান্দা ইউনিয়নের কৃষকদের চাষাবাদে সফলতার লক্ষ্যে সেচ সুবিধার্থে ১৯৮৭ সালে পানি উন্নয়ন বোর্ড মালিঝি নদীতে এ স্লুইচ গেইটটি নির্মাণ করে। স্লুইচ গেইটটি রক্ষণাবেক্ষণের জন্য ১ একর জমিও অধিগ্রহণ করা হয়। সেখানে ২টি পাকা ঘরও নির্মাণ করা হয়। স্লুইচ গেইট নির্মাণের ১ বছর পর পাহাড়ী ঢলের পানির তোড়ে তা বিধ্বস্ত হয়ে যায়। কিন্তু দীর্ঘ ২ যুগেও তা আর মেরামত করা হয়নি। নেয়া হয়নি কোন উদ্যোগ। বর্তমানে এ স্লুইচ গেইটটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
