কেন্দুয়ায় জেএসসির প্রবেশপত্রে বেশি টাকা আদায়ের অভিযোগ

আপডেট : ০৪ নভেম্বর ২০১৩, ২০:৪৫
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মজলিশপুর উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র বিতরণকালে ৫০ টাকা করে আদায় করায় অভিভাবক ও পরীক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম শফিকুল ইসলাম খান জেএসসি পরীক্ষার্থীদের কাছে প্রবেশপত্র বিতরণকালে ৫০ টাকা করে আদায় করেছেন। এতে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যরা প্রতিবাদ করেও তাকে ঠেকাতে পারেননি। পরীক্ষার্থী সোহেল মিয়া জানান, তাকে ৫০ টাকা দিয়ে প্রবেশপত্র আনতে হয়েছে। প্রবেশপত্র নিতে কেন টাকা লাগে জানতে চাইলে প্রধান শিক্ষক তাদের ধমক দিয়ে বলেন, ৫০ টাকা ছাড়া কোনো প্রবেশপত্র দেয়া হবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।