রেলযাত্রী বৃদ্ধি পেলেও ট্রেনের সংখ্যা কমছে ও রেলের সেবা অবনতির দিকে অগ্রসর হচ্ছে। গাইবান্ধা বোনারপাড়া স্টেশন হতে দিনাজপুর হয়ে ঠাকুরগাঁও পর্যন্ত চলাচলকারী রামসাগর ট্রেনটি চালুর ৯ মাস পর ইঞ্জিন নষ্ট ও জনবলের কারণ দেখিয়ে বন্ধ হয়ে যায়। ফলে দুর্ভোগে পড়েছে দিনাজপুরসহ ৫ জেলার ট্রেন যাত্রী।
ট্রেনের জন্য নির্ধারিত ইঞ্জিনটিকেও পার্বতীপুর ডিজেল শেডে নিয়ে যাওয়া হয়। ইঞ্জিন ও ড্রাইভারের সংকটের কারণে ট্রেনটি বন্ধ রয়েছে, তবে তা চালুর প্রক্রিয়া চলছে বলে পার্বতীপুর রেলওয়ে স্টেশন মাস্টার জানান। রংপুর বিভাগের যাত্রীদের জন্য ‘রামসাগর’ মেইল নামে নতুন ট্রেন ২০১০ সালের ১২ই নভেম্বর চালু করা হয়। গাইবান্ধা বোনারপাড়া জংশন স্টেশন হতে ঠাকুরগাঁও পর্যন্ত চলাচল করত ট্রেনটি। রংপুর বিভাগের ৫ জেলার রেলযাত্রী স্বল্প সময়ে অফিস-আদালতে আসা-যাওয়া করতে পারত। পার্বতীপুর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল জব্বার জানান, ইঞ্জিন ও লোকোমোটিভ মাস্টারের অভাবে ২০১১ সালের ২৩ শে আগস্টের পর হতে ট্রেনটি বন্ধ রাখা হয়। অদ্যাবধি ট্রেনটি বন্ধ রয়েছে।
