চিকিত্সক সংকটে ব্যাহত হচ্ছে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স। সরেজমিন গিয়ে দেখা যায়, হাসপাতালটির বহির্বিভাগে ভিড় করছে অসংখ্য রোগী। দূর-দূরান্ত থেকে আসা এসব রোগীর বেশিরভাগই পেটের পীড়া, বাত-ব্যথা, সর্দি-কাশি, দুরারোগ্য রোগসহ জ্বরের চিকিত্সা নিতে এসেছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জড়ো হয়ে অপেক্ষা করছেন ডাঃ তানজিম বেগমের জন্য। ডাঃ তানজিম বেগমের কাছে বাত-ব্যথার চিকিত্সা নিতে আসা গোপাল চরণ গ্রামের আমিরন বেগম (৭০) বাড়ি ফিরে যেতে যেতে বলেন- ‘মুই আর এই হাসপাতালত আইশবার নম, কয়দিন থাকি খালি আইশম আর ফেরত যাম। ডাক্তারের দেখা পাম না, এখান হাসপাতাল না আর কিছু মুই বুঝবার পাম না’। বামনজল থেকে আসা জবেদা (৬০) জানান, কয়েকদিন থেকে ঘুরেও ডাক্তারের সাক্ষাত্ মিলছে না। তিনি আরো বলেন, তার পেটের পীড়াসহ গোপন কিছু অসুখ আছে। গরীব বলে বাইরে চিকিত্সা করতে পারছি না।
হাসপাতালের ডাক্তারও পাচ্ছি না। এখন বলেন কোথায় যাই চিকিত্সা নিতে। এভাবে অহেদা, করিমন, হালিমাসহ অসংখ্য রোগী ডাক্তার না থাকায় ক্ষোভে চিকিত্সা ছাড়াই বাড়ি ফিরে যান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লে¬ক্সটি চলছে এখন ২ ডাক্তার দিয়ে। তারাও আবার যথাসময়ে উপস্থিত না থাকায় ফার্মাসিষ্ট ও ওয়ার্ডবয় দিয়ে চলছে হাসপাতাল। একমাত্র ডাক্তার মলয়কে পাওয়া গেলেও তিনি ইনডোরে সবসময় ব্যস্ত সময় কাটান বলে বহির্বিভাগে পাওয়া যায় না।
