আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি বলেছেন, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার আন্দোলনের একমাত্র লক্ষ্য যুদ্ধাপরাধীদের রক্ষা করা। তিনি (খালেদা) কখনো তত্ত্বাবধায়ক সরকারে বিশ্বাস করেননি, আজও করেন না।
সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ এ সমাবেশের আয়োজন করে। যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট সভাপতির বক্তব্যে আজ মঙ্গলবার সকালে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ৭৩টি সাংগঠনিক ওয়ার্ডে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেন। বক্তব্য রাখেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, হারুন-অর রশীদ প্রমুখ।
