উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসার থেকে হূদরোগ, হার্ট এ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি সম্পর্কে আমরা মোটামুটি জানি। কিন্তু বৃটিশ বিশেষজ্ঞগণ উচ্চ রক্তচাপ সম্পর্কে একটি উদ্বেগজনক তথ্য দিয়েছেন। আর তা হচ্ছে উচ্চ রক্তচাপের রোগীদের ক্যান্সারের ঝুঁকি স্বাভাবিকের চেয়ে বেশি। অতীতে যে সমস্ত স্ট্যাডি হয়েছে তাতে উচ্চ রক্তচাপের সঙ্গে ক্যান্সারের সম্পর্ক তেমন একটা স্পষ্টভাবে বলা হয়নি। কিন্তু কিংস কলেজ লন্ডন এর ক্যান্সার এপিডেমিওলজি গ্রুপের বিশেষজ্ঞ ড: মাইক ভ্যান হেমেলরিজক ও তার সহযোগীগণ গবেষণায় দেখতে পান উচ্চ রক্তচাপজনিত কারণে পুরুষের ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকি শতকরা ১০ থেকে ২০ ভাগ বেশি এবং পুরুষ ও মহিলাদের উচ্চ রক্তচাপজনিত রোগ থেকে মৃত্যুর হার স্বাভাবিকের চেয়ে বেশি। অস্ট্রিয়া, নরওয়ে ও সুইডেনের ৭টি গ্রুপের মধ্যে ১২ বছর যাবত্ পরিচালিত জরীপে বিশেষজ্ঞ দেখতে পান জরীপে অন্তর্ভুক্তদের মধ্যে ২২ হাজার ১৮৪ জন পুরুষ ১৪ হাজার ৭৪৪ জন মহিলার ক্যান্সার সনাক্ত হয়েছে এবং ৮ হাজার ৭২৪ জন পুরুষ ও ৪ হাজার ৫২৫ জন মহিলা মৃত্যু বরণ করেছেন। রিপোর্টে উল্লেখ করা হয় ক্যান্সার আক্রান্তের হার স্বাভাবিকের চেয়ে সামগ্রিকভাবে শতকরা ২৯ ভাগ বেশি। গবেষণায় বিশেষজ্ঞগণ দেখতে পান পুরুষদের মধ্যে উচ্চ রক্তচাপজনিত ক্যান্সারের মধ্যে গলা, কোলন, ফুসফুস, ব্লাড, কিডনি ক্যান্সার ও ত্বকের ক্যান্সারের প্রবণতা বেশি এবং মহিলাদের মধ্যে লিভার, প্যানক্রিয়াস, জরায়ু ও ত্বকের ক্যান্সারের ঝুঁকি রয়েছে।
তবে উচ্চ রক্তচাপের রোগীদের মধ্যে ক্যান্সারে আক্রান্ত হবার হার বেশি হলেও উচ্চ রক্তচাপ থাকলেই যে ক্যান্সার সৃষ্টি হয় তা কিন্তু নয়। বিশেষজ্ঞগণ উল্লেখ করেন হয়তোবা ক্যান্সারের সঙ্গে রিস্ক ফ্যাক্টর হিসেবে উচ্চ রক্তচাপের কোন সম্পর্ক থাকতে পারে। তবে বিশেষজ্ঞগণ এ ব্যাপারে আরো গবেষণার প্রয়োজন বলে মনে করেন। পাশাপাশি যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের যথাযথ খাদ্য নিয়ন্ত্রণ, কম চর্বিযুক্ত খাবার আহার, নিয়মিত ব্যায়াম, হাঁটাচলা, মানসিক চাপ নিয়ন্ত্রণের ওপর জোর দিয়েছেন।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
