দল বাঁধা ঐ বকের সারি,
দিচ্ছে তারা আকাশ পারি।
সাগর জলের পাহাড় ঘেঁষে,
উঠল সেথায় সূর্য হেসে।
শিশির ভেজা সবুজ ঘাসে,
সাত রঙেতে সূর্য হাসে।
কাক ডাকা ঐ দুপুর শেষে,
পথ ভুলে কে বাউল বেশে?
বসে একা ঝাউ বনেতে,
গান ধরেছে এক মনেতে।
সূর্য ডুবে সন্ধ্যা এলো,
বকের সারি চলে গেলো।
ঘুমের দেশের ঘুমের পরী,
দেখছে আমায় দু’চোখ ভরি।
আজব দেশের রঙিন বাটে,
ঘুমিয়ে যাবো সোনার খাটে।
