আইন হাতে তুলে গ্রেফতার আইন প্রণেতার স্ত্রী

আপডেট : ০৫ নভেম্বর ২০১৩, ২২:২৮
সংসদ সদস্যরা আইন প্রণয়ন করেন সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করার জন্য। কিন্তু সেই আইন প্রণেতার স্ত্রী স্বয়ং যদি আইন নিজে হাতে তুলে নেয়ার মতো ঘটনার জন্ম দেন তবে তা উদ্বেগের বটে। এমন ঘটনা ঘটিয়েছেন ভারতের সমাজবাদি পার্টির এমপি ধনঞ্জয় সিংয়ের স্ত্রী জাগৃতি সিং। বাড়ির কাজের মেয়েকে শাস্তি দিতে গিয়ে বেদম পিটুনি দেন তাকে। কিন্তু শাস্তি যে মাত্রাছাড়া হয়ে যাচ্ছে তা বোধহয় মাথায় আসেনি তার। ফলে মারা যায় কাজের মেয়েটি। তবে এমপির স্ত্রী বলে পুলিশের খাতির পাননি তিনি। পরিবর্তে গতকাল মঙ্গলবার হাতকড়া উঠেছে তার হাতে। সূত্র জানায়, ১০ মাস আগে রাখী নামের এক তরুণী ওই এমপির বাড়িতে গৃহকর্মী হিসেবে যোগ দেয়। কিন্তু কাজে সামান্য হেরফের হলেই কিংবা পান থেকে চুন খসলেই এমপির দজ্জাল স্ত্রী তাকে অত্যাচার করতেন। লাঠি কিংবা রান্নাঘরের হাতা খুন্তি হাতের কাছে যা মিলত তাই দিয়ে চলত ‘শাসন’। সোমবার রাতে জাগৃতির অত্যাচারের কারণে মারা যায় ওই তরুণী। ওই এমপির বাড়িতে আরেকজন কিশোর গৃহকর্মী আছে। ডাক্তারি পরীক্ষায় দেখা গেছে ওই কিশোরকেও নির্যাতন করা হয়েছে। তার বুক, বাহু, পেট, পা সবখানে কেবল গরম খুন্তির পোড়া দাগ! গ্রেফতারের পর সাংবাদিকদের কাছে জাগৃতি দাবি করেছেন, তিনি দুই গৃহকর্মীকে ‘শাস্তি দিয়েছেন’ কারণ তিনি তাদের আপত্তিকর অবস্থায় দেখেছিলেন। উল্লেখ্য, কেবল কাজের লোক নয়, জাগৃতি সিং রেগে গেলে তার বাড়ির পিয়ন, দারোয়ান, ড্রাইভার, মালি সবাইকে লোহার রড কিংবা লাঠি দিয়ে পেটাতেন বলে অভিযোগ আছে। জাগৃতি পেশায় একজন চিকিত্সক হলেও রাখীকে অত্যাচারের পর তার জ্ঞান ফেরাতে পারেননি । -জি নিউজ