নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি :নাসিম

আপডেট : ০৫ নভেম্বর ২০১৩, ২২:৩১
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, হরতাল দিয়ে নৈরাজ্য সৃষ্টি করে বিএনপি-জামায়াত জোট নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। জনবিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তারা নির্বাচনকে ভয় পাচ্ছে। এ কারণে তারা প্রধানমন্ত্রীর সংলাপে বসার আহ্বানে সাড়া দিচ্ছেন না। গতকাল মঙ্গলবার রাজধানীর নিউমার্কেটের সামনে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশব্যাপী বিএনপি-জামায়াত জোটের হরতাল, নৈরাজ্য ও ধ্বংসাত্মক সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে তিনি আরো বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনকালিন সরকারের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বদলীয় সরকারে যোগ না দিলে বিএনপি মন্ত্রীত্বের সুযোগ হারাবে। যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাইনুল হোসেন খান নিখিলের সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, যুগলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ঢাকা ১২ আসনের সংসদ সদস্য ব্যারিস্ট‘ার ফজলে নূর তাপস প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে মোহাম্মদ নাসিম দুপুরে কারওয়ান বাজার ওয়াসা ভবনের সামনে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত হরতাল বিরোধী মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে এ সমাবেশে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।