অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে লাল গ্রহ মঙ্গলের উদ্দেশে পাড়ি দিল ভারতের মহাকাশযান। ভারতীয় বিজ্ঞানীরা জানিয়েছেন, এই উেক্ষপণ সফল হয়েছে। ভারতীয় সময় বেলা ঠিক ২টা ৩৮ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে মঙ্গলের পথে রওনা হয় দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মহাকাশযান ‘পিএসএলভিসি টোয়েন্টি ফাইভ’। আমেরিকা, রাশিয়া, চীন, জাপান ও ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থার পর ভারতের এই উদ্যোগের দিকে তাকিয়ে সারা পৃথিবী। এই যানকে ১০ মাস ধরে চলতে হবে। খবর এএফপির।
ভারতীয় বিজ্ঞানীরা বলছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর ১৪ সেপ্টেম্বর নাগাদ যানটি মঙ্গলের কাছাকাছি পৌঁছে অভিকর্ষ বলের প্রভাবে তার চারপাশে প্রদক্ষিণ শুরু করবে। সূত্র জানায়, গত রবিবার সকাল ৬টা ৮মিনিটে অন্ধ্র প্রদেশের এই মহাকাশ কেন্দ্রে শুরু হয়েছিল কাউন্টডাউন। ৪৩০ কোটি টাকার মার্স অরবিটার মিশনে নজরদারির ক্ষেত্রে কোনও ত্রুটি রাখছে না ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। বেঙ্গালুরু, পোর্ট ব্লেয়ার ও ব্রুনেই থেকে পিএসএলভির গতিপথের দিকে নজর রাখা হবে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে জাহাজ থেকেও নজরদারি করা হবে। মঙ্গল অভিযান সফল হলে আমেরিকা, রাশিয়া, ইউরোপিয়ান স্পেস এজেন্সির পর চতুর্থ সংস্থা হিসাবে বিরল কৃতিত্বের নজির গড়বে ভারত।
