প্রেম’স কালেকশনে দেশের সবচেয়ে বড় পাঞ্জাবি প্রদর্শন

আপডেট : ২০ মে ২০১৯, ১৯:২২

 

বাংলাদেশের সবচেয়ে লম্বা পাঞ্জাবি প্রদর্শন করে রেকর্ড গড়ল অভিজাত ফ্যাশন হাউস প্রেম’স কালেকশন্স। গত ১৬ মে রাত ১০টায় গুলশান-১-এ প্রেম’স কালেকশনের শোরুমে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ২২ ফুট চওড়া ও ৩০ ফুট লম্বা এই পাঞ্জাবি প্রদর্শন করা হয়। এসময় তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল এক মিলনমেলায় পরিণত হয়। এর আগে প্রেম’স কালেকশন্সের আয়োজনে ঈদকে উপলক্ষ করে উপমহাদেশের অন্যতম সেরা ডিজাইনার সত্যপালের এক্সক্লুসিভ সব কালেকশন নিয়ে ‘সত্যপাল’ কালেকশন্সের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়। একইসঙ্গে ডিজাইনার প্রেম বম্বানির এক্সক্লুসিভ সব কালেকশন নিয়ে ‘প্রেম স্টোর’ এবং শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের সব সাইজের সঙ্গে এক্সট্রা লার্জ সাইজের ডিজাইনার পাঞ্জাবি নিয়ে ‘মহারাজা’র উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্যে এমন আয়োজনকে সাধুবাদ জানিয়ে প্রেম’স কালেকশনের প্রশংসা করে অভিনেতা ফেরদৌস বলেন, ‘এদেশের ক্রেতারা যারা ভারতের বিভিন্ন রাজ্যে গিয়ে ঈদ বা বিয়ের কেনাকাটা করেন, তাদের জন্য অপূর্ব সুযোগ করে দিয়েছে প্রেম’স কালেকশন্স। কষ্ট করে বাইরে না গিয়ে বাংলাদেশেই আপনি ভারতের বিভিন্ন রাজ্যের সেরা সব কারুকাজের পোশাক পাচ্ছেন। প্রেম ভাই উপমহাদেশের অন্যতম সেরা একজন ডিজাইনার। তার চোখ ধাঁধানো ডিজাইন, রঙের বৈচিত্র্য, সর্বোপরি প্রতিটি পোশাকে আভিজাত্য ও রাজকীয় আবহ না দেখলে বুঝতে পারবেন না। বিশেষ করে সত্যপালের কালেকশন নিয়ে এমন আয়োজনে আমি মুগ্ধ।’ শুভেচ্ছা বক্তব্যে প্রেম’স কালেকশনের ডিরেক্টর ও প্রধান ডিজাইনার প্রেম বম্বানি বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় পাঞ্জাবির রেকর্ডের মালিক হতে পেরে আপনাদের পাশাপাশি আমিও গর্বিত। সেই সঙ্গে ঈদকে সামনে রেখে এদেশের ফ্যাশনপ্রিয়দের জন্য উপমহাদেশের সেরা ডিজাইনার সত্যপালের আনস্টিচ শাড়ি, স্কার্ফ, পার্স, ব্যাগসহ যাবতীয় কালেকশন আনতে পেরে আমরা আনন্দিত। এবারের ঈদে ‘মহারাজা’ কাউন্টারে সব সাইজের পাঞ্জাবির পাশাপাশি যারা একটু বেশি স্বাস্থ্যবান, তাদের কথা মাথায় রেখে এক্সট্রা সাইজের পাঞ্জাবি রেখেছি আমরা। এছাড়া গতবারের মতো কর্পোরেট ক্রেতাদের জন্য পাইকারি দামে ভারতের বাজারের চেয়ে কম মূল্যে শাড়ি, পাঞ্জাবি এবং থ্রি পিস সরবরাহ করার উদ্যোগ নিয়েছি।’ অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের বাংলা ছবির জনপ্রিয় তারকা ফেরদৌস, পপি, বাপ্পি, ইমন, সজল ও সংগীতশিল্পী রিজিয়া পারভীনের সঙ্গে দেশের শীর্ষ মডেলরা সত্যপাল এবং প্রেম’স কালেকশনের ঈদের বিশেষ কালেকশনের পোশাক গায়ে জড়িয়ে আবহমান বাংলার মুসলমানদের প্রধান উত্সবের নানা রূপ তুলে ধরেন। উল্লেখ্য, গত বছর বিশ্বের সবচেয়ে লম্বা ৪০০ ফুট লেহেঙ্গ শাড়ি প্রদর্শন করে রেকর্ড গড়েছিল প্রেম’স কালেকশন্স।