বিডিআর হত্যার বিচার হওয়ার মাধ্যমে সরকারের ওয়াদা পূর্ণ হয়েছে। এই বিচারের মাধ্যমে সবাই বুঝতে পেরেছে যে, নাশকতা ও হত্যা করে কেউ রেহাই পাবে না। গতকাল মঙ্গলবার বিডিআর বিদ্রোহের রায় প্রকাশের পর আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলীয় জোট নেতৃবৃন্দ এ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, বর্তমান সরকার কথা দিয়েছিল বিডিআর বিদ্রোহে যারা জড়িত, তাদের বিচার করবে। এ বিচারের মাধ্যমে সেই ওয়াদা পূরণ হয়েছে। বিদ্রোহ, মানুষ হত্যা ও অরাজকতা করে কেউ পার পায় না - এই বিচারে সেটাই প্রমাণিত হয়েছে। এ বিচার অন্য সব শৃঙ্খলা বাহিনীর জন্য শিক্ষা হয়ে থাকবে। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেন, দীর্ঘ সময় ধরে ঝুলে থাকা একটি বিচার সমাপ্ত হলো। এ বিচার অন্য সব বাহিনীর জন্য একটা বার্তা।
জাসসের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া বলেন, ভয়ংকর ঘটনা ঘটেছে। সেটার বিচার হয়েছে। বিচারিক প্রক্রিয়ায় যা হবে, সেটাই দেশবাসী মেনে নেবে। তবে কোনো অপরাধীকে প্রশ্রয় দেয়ার কোনো সুযোগ নেই।
