নান্দাইলে গৃহবধূ খুন

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ২১:২৮
গত সোমবার নান্দাইলের নবীয়াবাদ এলাকা থেকে রুমা আক্তার (২৬) নামের এক গৃহবধূর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, উপজেলার কাওয়ারগাতী গ্রামের মৃত মোসলেম উদ্দিনের মেয়ে রুমা আক্তারকে দ্বিতীয় স্ত্রী হিসাবে বিয়ে করে মেরেঙ্গা গ্রামের শামছুদ্দিনের ছেলে সোহেল মিয়া। প্রায় ৬ বছর আগে রুমাকে প্রথম স্বামী আল-আমিনের কাছ থেকে জোর করে তালাক নিয়ে এ বিয়ে করে ব্যবসায়ী সোহেল। বিয়ের পর থেকে রুমা বেশিরভাগ সময় বাবার বাড়ি কাওয়ারগাতীতে থাকতো। প্রথম স্বামীর সন্তান আশিক। রুমার মা জোসনা আক্তার জানান, গত শনিবার রাতে সোহেল রুমাকে নিয়ে বাড়ি যান। পরদিন সকালে মেয়ের খোঁজ নিলে সোহেল তার সাথে খারাপ ব্যবহার করেন এবং রুমার বিষয়ে কিছু জানেন না বলে জানায়। নান্দাইল মডেল থানার এসআই (তদন্ত কর্মকর্তা) হুমায়ুন কবীর জানান, এ ঘটনায় সোহেল মিয়াকে প্রধান আসামি করে একটি মামলা হয়েছে। লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। এদিকে সাত বছরের আশিক মায়ের ছবি বুকে নিয়ে দাঁড়িয়ে আছে মা কখন ফিরে আসবে। আশিক জানে তার মা অসুস্থ। কিশোরগঞ্জ হাসপাতালে চিকিত্সা চলছে। সুস্থ হয়ে আজই বাড়ি ফিরবে। মায়ের ফিরে আসার প্রহর গুণছে অবুঝ শিশু আশিক।