চোখের ছানি রোগে বছরে অন্ধ হয় ৪০ হাজার শিশু

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ২১:৩২
বাংলাদেশে সাড়ে সাত লাখ প্রাপ্ত বয়স্ক ও চল্লিশ হাজার শিশু ছানিজনিত কারণে অন্ধত্বের শিকার হয়। যার ৮০ ভাগ নিরাময়যোগ্য। এর সাথে প্রতিবছরই প্রায় দেড় লাখ নতুন ছানিপড়া রোগীর সংখ্যা যোগ হচ্ছে। বর্তমানে ছানি অপারেশনের হার চাহিদার মাত্র এক তৃতীয়াংশ মেটাতে সক্ষম। বুধবার হবিগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালন উপলক্ষে আয়োজিত এক সভায় ‘অন্ধত্ব ও ক্ষীণ দৃষ্টি জরিপ প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানানো হয়। সভায় জানানো হয়, ২০১৩ সালের মধ্যে সিলেট বিভাগের ৪টি জেলা থেকে ছানিজনিত অন্ধত্বের পুঞ্জীভূত সমস্যা দূরীকরণের লক্ষ্যে সরকার, ব্র্যাক ও সাইটসেভার্স যৌথভাবে কাজ করছে। এ উপলক্ষে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ আবুল হোসেন। প্রধান অতিথি ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হরিপদ রায়। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুলতান আলম, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন ইকবাল।