হরতাল প্রসঙ্গে সংসদে অনির্ধারিত আলোচনা

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ২১:৩৯
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ বলেছেন, ঢাকাসহ কয়েকটি জায়গায় গত কয়েকদিনে কি ঘটেছে তা জাতির সামনে তুলে ধরছি। তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হরতালের ছবি দেখিয়ে বলেন, তারা আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে। মঙ্গলবার রাতে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। তোফায়েল আহমদ আলোচনার সূত্রপাত করার পর আরো বক্তব্য রাখেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের মইন উদ্দিন খান বাদল। তোফায়েল আহমদ পত্রিকায় প্রকাশিত হরতাল সম্পর্কিত বিভিন্ন রিপোর্ট উল্লেখ করে বলেন, সিএনজিতে আগুন দিয়ে যাকে পুড়িয়ে মারা হয়েছে তার স্ত্রীর বক্তব্য স্বামী রাজনীতির সাথে জড়িত ছিলেন না। আমার প্রশ্ন যে রাজনীতি করে না, কখনো কর্মসূচিতে যায়নি। তাকে কেন এভাবে হত্যা করা হলো? দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, হরতালে নতুন মাত্রা যোগ হয়েছে। কেউ হরতাল পালন করে, কেউ করে না। কিন্তু সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা চালানো হরতালে নতুন মাত্রা যোগ করেছে। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, হরতালের নামে যা হচ্ছে তা গণতান্ত্রিক নয়; ফ্যাসিস্ট। এ অবস্থা চলতে পারে না। জাতীয় পার্টির (এ) মো. মুজিবুল হক বলেন, হরতাল দেশের ১৬ কোটি মানুষ চায় না। হরতাল শুনলেই মানুষ ভয় পায়।