পাবনার সাঁথিয়াসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের মন্দির, বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের ওপর হামলা, অগ্নিসংযোগ, লুটপাট, দখলবাজির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নেতৃবৃন্দ। তারা বলেছেন, সংখ্যালঘুদের ওপর একের পর এক হামলা হলেও, হামলাকারী ও এর মদদদাতাদের বিরুদ্ধে সরকার কোন ব্যবস্থা গ্রহণ করছে না। সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ। তাই এ বিষয়ে সচেতন মানুষকেই এগিয়ে আসার এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানান তারা। তারা বলেন, সংখ্যালঘুদের ওপর হামলা-নির্যাতন, বৈষম্য, নিরাপত্তাহীনতা দূর করতে হলে অবশ্যই অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বাসদ’র সাধারণ সম্পাদক খালেকুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, প্রেসিডিয়াম সদস্য শাহ আলম, বাসদ’র কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ, সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লাবলু প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরানা পল্টন মোড়ে শেষ হয়।
