আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু এবং যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ গতকাল এক বিবৃতিতে ঢাকা মহানগর যুবলীগের (দক্ষিণ) সভাপতি ইসমাইল চৌধুুরী সম্রাটের ওপর হামলার নিন্দা জানিয়েছেন।
মঙ্গলবার রাতে ১৮ দলের হরতাল চলাকালে শান্তিনগর এলাকায় তার গাড়ি লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করা হয়। এতে অল্পের জন্য তিনি রক্ষা পেলেও রিকশা চালকসহ তিন জন আহত হন। বঙ্গবন্ধু এভিনিউস্থ যুবলীগ কার্যালয় থেকে ফেরার সময় বাসার কাছে এই ঘটনা ঘটে। এর আগে গত ২৮ অক্টোবর হরতালের সময় তার বাসায় বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ করা হয়। ইসমাইল চৌধুরীর অভিযোগ, হরতাল-নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকায় বিএনপি ও জামায়াত-শিবিরের ক্যাডাররা তাকে হত্যার জন্য টার্গেট করেছে।
