প্রতিবন্ধীদের বন্ধু খসরু ভাই

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ২২:৩৪
মানুষ মানুষের জন্য- এ ব্রত নিয়ে সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এগিয়ে এসেছেন ষাটোর্ধ মো. আব্দুল লতিফ খসরু। পিরোজপুরের কাউখালীতে প্রতিবন্ধী ১০ জনকে নিয়ে গড়ে তুলেছেন প্রতিবন্ধী পাঠশালা। সন্ধ্যা নদীর তীরবর্তী নদীভাঙ্গা ও সিডর দুর্গতদের আশ্রয়স্থল আমরাজুরী আবাসন প্রকল্পের দরিদ্র মঞ্জিলা বেগমের পরিবারের পাঁচ সদস্যই বাক প্রতিবন্ধী। গৃহবধূ মঞ্জিলার স্বামীসহ চার সন্তান মিজান (১২), শারমিন (৯), রিফাত (৬) ও রিয়াজ (৪) বাক প্রতিবন্ধী। আবাসনের দিনমজুর আকুব্বর আলীরও দুই বাক প্রতিবন্ধী মেয়ে আসমা (১৬) ও তানজিলা (১০)। এরা সবাই এ পাঠশালার শিক্ষার্থী। শুধু পাঠদানই নয় এ বাক প্রতিবন্ধীদের বিনামূল্যে শিক্ষা উপকরণ, শীতবস্ত্র আর খাদ্য সহায়তা দিয়ে আসছেন তিনি। মঞ্জিলা বেগম বলেন, খসরু ভাইয়ের সহযোগিতা আমার পরিবারের পাঁচ সদস্য শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে। কাউখালীর সাংস্কৃতিক সংগঠক ও শিক্ষক সুব্রত কুমার রায় বলেন, খসরু ভাইয়ের কর্মকাণ্ড দেখে আমি অনুপ্রাণিত। পাঠশালার উদ্যোক্তা আব্দুল লতিফ খসরু বলেন, উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা সুবিধা বঞ্চিত প্রতিবন্ধীদের শিক্ষার আলো দিতে এ পাঠশালা শুরু করেছি। আরো বড় পরিসরে কার্যক্রম চালানোর ইচ্ছা আছে। উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান পল্টন বলেন, বাক প্রতিবন্ধীদের শিক্ষার আলো দিতে খসরু ভাইয়ের এ উদ্যোগ প্রসংশনীয়। আমাদের সকলেরই উচিত এমন মহতী কাজের সাথে যুক্ত হওয়া।