বিএনপি অফিসে কাদের সিদ্দিকী

প্রধানমন্ত্রী পদত্যাগ করলে ১২ আনা মানুষের মুখে হাসি ফুটবে

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ২২:৩৬
কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, নির্দলীয় সরকার ছাড়া বর্তমান সংকটের কোনো সমাধান আসবে না। তাই প্রধানমন্ত্রী যদি এখন পদত্যাগ করেন, তাহলে দেশের ১২ আনা মানুষের মুখে হাসি ফুটবে। গতকাল বুধবার হরতাল চলাকালে দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। কাদের সিদ্দিকী বলেন, আগে মনে হতো বিরোধী দলের কারণে হরতাল হয়। এখন অবস্থা দেখে মনে হচ্ছে- সরকারের কারণেই হরতাল হচ্ছে। হরতালের মধ্যে দুপুর দেড়টার দিকে কাদের সিদ্দিকী সাদা পাজেরো গাড়িতে চড়ে নয়াপল্টনে যান। বিএনপি কার্যালয়ে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম। তৃতীয় তলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তিনি প্রায় ২৫ মিনিট আলাপ করেন। বের হয়ে সাক্ষাতের কারণ সম্পর্কে কাদের সিদ্দিকী বলেন, ১৯৯৯ সালে আওয়ামী লীগের শাসনামলে সখীপুরের উপ-নির্বাচনে যে ভোট ডাকাতি হয়েছিল, ওই দিবসটি উপলক্ষে সখীপুরে একটি জনসভা হবে। ওই জনসভায় যোগ দেয়ার জন্য আমি আমন্ত্রণ জানাতে এসেছি।