শ্রমিক সমিতি নেতার ওপর হামলা

আজ থেকে গোপালগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ২২:৩৮
জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী সাইদের উপর হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল বুধবার সকালে মালিক শ্রমিক ঐক্য পরিষদ শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সমাবেশে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেনের সভাপতিত্বে ধর্মঘটের ডাক দেয়া হয়। সমাবেশে বক্তারা প্রশাসনের প্রতি আল্টিমেটাম দিয়ে বলেন হামলাকারীদের গতকাল সন্ধ্যার মধ্যে গ্রেফতার ও জেলার বিভিন্ন সড়কে অবৈধ নসিমন, করিমন ও ইজিবাইক চলাচল বন্ধ করা না হলে আজ সকাল থেকে গোপালগঞ্জসহ দক্ষিণ অঞ্চলের গাড়ী চলাচল বন্ধ করে দেয়া হবে। গত মঙ্গলবার কোটালীপাড়া উপজেলার বিভিন্ন সড়কে বিভিন্ন অবৈধ যান চলাচলকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝির মীমাংসা করতে গিয়ে স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনার এক পর্যায়ে কিছু উচ্ছৃংখল লোক জেলা শ্রমিক ইউনিয়নের ওই নেতার উপর আকস্মিক হামলা করে।