ট্রেনে কেটে ভাই বোন নিহত

আপডেট : ০৭ নভেম্বর ২০১৩, ২০:৪৩
সান্তাহার-লালমনিরহাট রেলরুটের গাইবান্ধা সদর উপজেলার ত্রিমোহিনী রেলস্টেশন সংলগ্ন এলাকায় গতকাল বৃহস্পতিবার ট্রেনে কাটা পড়ে জাহিদ মিয়া (১২) ও শিলা খাতুন (১৪ মাস) নামে দুই ভাই বোন নিহত হয়েছে। নিহত দুই শিশুর বাড়ি গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পুর্বকোমরনই গ্রামে। এদের মধ্যে গ্রামের রফিকুল ইসলামের ছেলে জাহিদ ও তার সহোদর শফিকুল মিয়ার মেয়ে শিলা। রেলওয়ে থানার ওসি সাইদুর রহমান জানান, গতকাল সকালে আত্মীয়-স্বজনের সঙ্গে ত্রিমোহনীর পার্শ্ববর্তী দক্ষিণ হরিণসিঙ্গা গ্রামে গোলজার মিয়া নামে এক ব্যক্তির কুলখানির অনুষ্ঠানে আসে ওই দুই ভাই-বোন। দুপুরের দিকে জাহিদ তার চাচাত বোনকে কোলে নিয়ে রেলপথ ধরে বেড়ানোর সময় তারা ট্রেনে কাটা পড়ে।