রাজধানীর মতিঝিলে গতকাল সন্ধ্যায় সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন আওয়ামী লীগ ও পরিবহন নেতা খায়রুল মোল্লা (৪৫)। তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। তিনি ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরিবহন মালিক সমিতির নেতা। এদিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ শুক্রবার বাস ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক সমিতি। সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ সাংবাদিকদের জানান, খায়রুল হত্যার প্রতিবাদে সায়দাবাদ বাস টার্মিনালে সকাল-সন্ধ্যা এবং মহাখালী ও গাবতলী টার্মিনালে দুপুর দুইটা পর্যন্ত ধর্মঘট চলবে। এছাড়া ঢাকা সিটি ও শহরতলীর রুটগুলোতেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো বাস চলবে না।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খায়রুল মোল্লা মতিঝিল মধুমিতা সিনেমা হলের পাশে সমবায় ব্যাংক ভবনের তিন তলা থেকে সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন। দোতলার সিঁড়িতে পূর্ব থেকে ওত পেতে থাকা ৬/৭ জন সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। আশেপাশের লোকজন এসময় এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন মহি ও তার বন্ধু আলী আকবর তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সোয়া সাতটার দিকে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মতিঝিল জোনের এডিসি মেহেদী হাসান জানান, নিহত খায়রুলের পেটে ও কোমরে ৬/৭টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পরিবহন ব্যবসা অথবা রাজনৈতিক কারণে এ হত্যাকাণ্ডটি ঘটেছে কিনা তা তদন্ত করা দেখা হচ্ছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
