চট্টগ্রামে আলাদাভাবে বিপ্লব ও সংহতি দিবস পালন করল বিএনপির দুই গ্রুপ

আপডেট : ০৭ নভেম্বর ২০১৩, ২২:৪১
পৃথক কর্মসূচির মাধ্যমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে চট্টগ্রাম বিএনপি ও অঙ্গ সংগঠনের দুইটি অংশ। কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে চট্টগ্রাম বিএনপির একটি অংশ সকালে রাঙ্গুনিয়ায় সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রথম মাজারে পুষ্পস্তবক অর্পণ করে। সেখানে অনুষ্ঠিত সমাবেশে আবদুল্লাহ আল নোমান গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রক্ষার চলমান আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। বিএনপির এ অংশ পরে নগরীর বিপ্লব উদ্যানে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে। অন্যদিকে, মহানগর সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএনপির অপর অংশ বেলা ১১টায় নগরীর বিপ্লব উদ্যোনে পুষ্পস্তবক অর্পণ করে। সেখানে অনুষ্ঠিত সমাবেশে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার নিজেদের ক্ষমতা রক্ষার্থে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন। কিন্তু দেশের জনগণ এই সরকারকে বিদায় জানাবে। রাজশাহীতে বিপ্লব ও সংহতি দিবস পালন রাজশাহী ব্যুরো জানায়, নানা কর্মসূচির মধ্যে দিয়ে রাজশাহী মহানগরে জাতীয় বিপ্ল¬ব ও সংহতি দিবস পালন করছে বিএনপি। বৃহস্পতিবার সকালে সূর্যোদয়ের পর মহানগর বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। বেলা ১০টায় নগরীর সাফাওয়াং কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। এতে বিএনপির যুগ্ম-মহাসচিব ও রাজশাহী মহানগর সভাপতি মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ফাইসুল ইসলাম ফারুকী। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও পৃথকভাবে দিবসটি পালন করা হয়। খুলনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস খুলনা অফিস জানায়, গতকাল বৃহস্পতিবার খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ১০ টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কে ডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত দোয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম, মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এমপি, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা প্রমুখ উপস্থিত ছিলেন।