দলীয় মনোনয়ন না পেয়ে ভারতে কংগ্রেস নেতার আত্মহত্যা

আপডেট : ০৭ নভেম্বর ২০১৩, ২২:৪৮
রাজনীতিকে মনেপ্রাণে ভালোবাসতেন। দলের প্রতিটি কর্মসূচিতে থাকতেন আগের সারিতে। কিন্তু নির্বাচনের আগে যখন মনোনয়ন যুদ্ধ শুরু হলো তখন ভাগ্য খুললো আরেকজনের! এই কষ্ট সামলাতে না পেরে কেবল রাজনীতি কিংবা দল নয়, পৃথিবী ছেড়েই চলে গেলেন ভারতের কংগ্রেস পার্টির এক নেতা। তার নাম নরসিং মালভিয়া। খবর জি নিউজের। ঘটনাটি ঘটেছে দেশটির মধ্যপ্রদেশে। আগামী ২৫ নভেম্বর অনুষ্ঠিতব্য বিধানসভা নির্বাচনে কংগ্রেস থেকে মনোনয়ন ছিল তার প্রাপ্য। কিন্তু দলীয় টিকেট পেয়ে যান আরেক কর্মী। এতে তীব্র অভিমানে তিনি গতকাল বৃহস্পতিবার সকালে বিষপান করে আত্মহত্যা করেন। প্রায় ২০ বছর ধরে তিনি কংগ্রেসের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ভেবেছিলেন এবার নির্বাচন করে বিধানসভার এমপি হবেন। কিন্তু রাজ্য কংগ্রেস তার সেই আশা কেড়ে নেয়। পরবর্তী মনোনয়নের জন্য পাঁচ বছর অপেক্ষা করতে রাজি ছিলেন না তিনি। তাই আত্মহত্যার পথ বেছে নেন।