আট হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ

আপডেট : ০৮ নভেম্বর ২০১৩, ২১:৫৮
গার্মেন্টস শ্রমিকদের দাবি ন্যূনতম মজুরী ৮ হাজার টাকা। ঘোষিত খসড়া মজুরি গার্মেন্টস শ্রমিকরা মানে না। তারা জীবন-যাপনের উপযোগী মজুরি নিশ্চিত করার দাবি জানিয়েছে। দাবি মানা না হলে শ্রমিকরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছে গার্মেন্টস শ্রমিকদের নিয়ে কাজ করা ৪৫টি গার্মেন্টস শ্রমিক সংগঠন। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত ‘গার্মেন্টস শ্রমিক সমাবেশ ও লাল পতাকা মিছিল’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা অ্যাডভোকেট দেলোয়ার হোসেন খান, শ্রমিক নেতা আবুল হোসেন, আমিরুল হক আমিন, শহিদুল্লাহ বাদল, মন্টু ঘোষ, লুত্ফুননাহার, সালেহ উদ্দিন স্বপন, তৌহিদুর রহমান, জাহানারা বেগম, আনোয়ারা বেগম, রোকেয়া সুলতানা আঞ্জু প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, কারখানা বন্ধের হুমকি দিয়ে শ্রমিকদের আন্দোলন বন্ধ করা যাবে না।