তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের বিচার সমপ্রতি রাজনৈতিক ও নির্বাচনের অজুহাতে চাপা পড়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তার পরিবার। তারা বলেছেন, ত্বকী হত্যার পর কিছু স্থানে তাত্ক্ষণিকভাবে অভিযান চালানো হলেও এখন তা থমকে গেছে। নির্বাচনের অজুহাত দিয়ে ত্বকী হত্যার বিচার ধামাচাপার যে চেষ্টা চলছে তা কোন ভাবেই সফল হতে দেয়া হবে না।
গতকাল শুক্রবার ত্বকী হত্যার আট মাস পূর্ণ উপলক্ষে খুনীদের বিচার দাবিতে নারায়ণগঞ্জ শহরের ৫নং ঘাট এলাকার সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের উদ্যোগে সমাবেশ ও পরে একটি আলোর মিছিল বের হয়। গত ৬ মার্চ নিখোঁজের ২ দিন পর ওই স্থানেই তার লাশ পাওয়া যায়। সমাবেশের পর এক আলোর মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আহবায়ক অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু, খেলাঘর জেলা কমিটির সভাপতি রথিন চক্রবর্তী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটি সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিক, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ন্যাপ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, গণসংহতি আন্দোলনের নেতা অঞ্জন দাস প্রমুখ।
