‘রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হবে না হেফাজত’

আপডেট : ০৮ নভেম্বর ২০১৩, ২৩:০৬
হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা কমিটির আহবায়ক মাওলানা আবদুল আউয়াল বলেছেন, কোন রাজনৈতিক দলের ক্ষমতার মসনদে যাওয়ার সিঁড়ি হিসেবে হেফাজতে ইসলাম ব্যবহূত হবে না। হেফাজত কারো সহায়ক শক্তিও হবে না। রাজনীতি করা, ক্ষমতায় যাওয়া, নির্বাচন হেফাজত করবে না। বরং হেফাজত ইসলাম ও এর দ্বীন কায়েমের জন্য আন্দোলন করবে। কিন্তু তারপরও হেফাজতকে নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা ও অপপ্রচার চালানো হচ্ছে। গতকাল শুক্রবার শহরের ডিআইটি কেন্দ ীয় রেলওয়ে জামে মসজিদে জুমা’র নামাজের আগে বয়ানে আবদুল আউয়াল এসব কথা বলেন। তিনি এ মসজিদের খতিব। জুমা’র নামাজে এ মসজিদে কয়েক হাজার মুসল্লি উপস্থিত হন। হেফাজতের এ আলোচিত নেতা এর আগে নারায়ণগঞ্জে কাদিয়ানী সম্প্রদায়, টানবাজার পতিতা পল্লী উচ্ছেদ আন্দোলন করে আলোচনায় আসেন। আবদুল আউয়াল আরো বলেন, অনেকে বলছে হেফাজত রাজনীতি করবে। কিন্তু বাস্তবে হেফাজত শুধু দ্বীন কায়েমের জন্য আন্দোলন করবে। এ কারণে হেফাজত দেশের প্রেক্ষাপটে রাজনীতিতে জড়াবে না। কিন্তু অনেকে হেফাজতের শক্তিকে সহায়ক করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন। আউয়াল বলেন, মহানবীর আদর্শ থেকে যখনই বিচ্যুতি ঘটে তখনই আন্দোলন হয়েছে। এবারও হবে। কেউ লাইনচ্যুত হলে শুধু আন্দোলন করে পেছন থেকে সাবধান করে দিবে হেফাজত।