গত ৪ বছরেও দেশের প্রথম চালু হওয়া ও একমাত্র চাঁদপুরস্থ মত্স্য প্রশিক্ষণ ইনস্টিটিউটে “মত্স্য ডিপ্লোমা ইনস্টিটিউট” প্রয়োজনীয় জনবল পদ সৃষ্টি করা হয়নি। অথচ ২০০৯-১০ শিক্ষাবর্ষ থেকেই দেশের প্রথম ডিপ্লোমা-ইন-ফিসারিজ কোর্স চালু করে গত ২০১১ সালের ১৬ এপ্রিল এই প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
চার বছর মেয়াদী এই কোর্সে প্রতি বছর ২৫ জন করে শিক্ষার্থী ভর্তি হচ্ছে। বর্তমানে এখানে একশ শিক্ষার্থী অধ্যয়ন করছে। এসব শিক্ষার্থীর পুথিগত-ব্যবহারিক ইত্যাদি ৩২টি বিষয়ে শিক্ষা দেয়ার জন্য নিয়ম মোতাবেক ৩৯ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী থাকার কথা। কিন্তু গত ৪ বছরে এখানে একজন ব্যক্তিরও পদ সৃষ্টি এমনকি কোন নিয়োগ দেয়া হয়নি। ফলে মত্স্য প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাত্র ৫ জন ক্যাডার অফিসার তাদের অক্লান্ত শ্রম ও মেধা দিয়ে ৫টি ব্যাচের একশ’ শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস পরিচালনা করে আসছেন।
এই বিষয়ে বারবার প্রয়োজনীয় জনবল দেয়ার জন্য অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পত্র দেয়া সত্ত্বেও তেমন কার্যকরী পদক্ষেপ নেয়া হয়নি। এতে এই প্রতিষ্ঠানটির ভবিষ্যত্ নিয়ে স্থানীয় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, এখানে কর্মরত ৫ কর্মকর্তার মধ্যে ২ জন উচ্চতর শিক্ষা গ্রহণের উদ্দেশে বিদেশে যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন হওয়া সত্ত্বেও জনবলের ও প্রয়োজনীয় ছাড়পত্রের অভাবে যেতে পারছেন না।
