রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এবং জেলা পরিষদের প্রশাসক ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহবুব জামান ভুলুর বাসায় হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শুক্রবার রাতে রাজপাড়া থানায় এবং রাত সাড়ে ১০টার দিকে জেলা পরিষদের প্রশাসকের বাসায় হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে পুলিশ জানায়। রাজপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম রেজাউল ইসলাম জানান, মোটরসাইকেলে অজ্ঞাত দুর্বৃত্তরা রাস্তা থেকে থানার সীমানার ভেতরে একটি হাতবোমা নিক্ষেপ করে। বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের আহূত হরতালকে সামনে রেখে ‘আতঙ্ক সৃষ্টির’ মাধ্যমে পুলিশের সদস্যদের মনোবল ভাঙ্গার উদ্দেশে বোমা হামলা চালানো হয়েছে বলে পুলিশ কর্মকর্তাদের ধারণা।
অন্যদিকে আওয়ামী লীগ নেতা মাহবুব জামান ভুলুর বাসায় হাতবোমা নিক্ষেপ করে অজ্ঞাত দুর্বৃত্তরা। বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে।
