ভারতের ক্ষমতাসীন কংগ্রেস দলের সহ-সভাপতি রাহুল গান্ধী বলেছেন, বিজেপি দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেছে। সমপ্রতি বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী ও গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি এক বক্তৃতায় রাহুল গান্ধীকে ‘শাহজাদা’ হিসাবে কটাক্ষ করলে তারই প্রতিক্রিয়ায় শুক্রবার ছত্তিশগড়ে নির্বাচনী সমাবেশে রাহুল গান্ধী এ মন্তব্য করেন। -খবর এনডিটিভির।
রাহুল গান্ধী বলেন, বিজেপি যা করছে তা দিয়ে কখনোই দেশের কোন উন্নতি ঘটবে না। বরং এতে দেশের মধ্যে অভাব-অনটন জেঁকে বসবে। সেইসঙ্গে এখানে মাওবাদীদের অত্যাচার আরো বেড়ে যাবে। গত মে মাসে মাওবাদীদের এক হামলা প্রসঙ্গে রাহুল গান্ধী রাজ্যের নেতা নন্দ কুমার পাটেলের নিহত হওয়ার বিষয়ে বলেন, তিনি মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন এ কারণেই তাকে মারা হয়েছে। তিনি বলেন, তার সম্ভাবনার কারণেই তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। আর তাকে থামানোর একমাত্র পথ হিসাবেই ঘাতকরা বেছে নিয়েছিল তাকে (নন্দ কুমার) চিরতরে শেষ করে দেয়া।
