কট্টরপন্থি মোল্লা ফজলুল্লাহকে প্রধান নেতা নির্বাচন করার পর পাক সরকারের বিরুদ্ধে ব্যাপক ধারাবাহিক প্রতিশোধ হামলার প্রস্তুতি নিচ্ছে তেহরিক ই তালেবান পাকিস্তান (টিটিপি)।
সাবেক তালেবান প্রধান হাকিমুল্লাহ মেহসুদকে মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় সহযোগিতা করার জন্য সরকারের ওপর প্রতিশোধ হামলা চালানো হবে বলে শুক্রবার টিটিপি’র পক্ষ থেকে জানানো হয়েছে। তালেবান শুরার প্রধান আসমাতুল্লাহ শাহীন অভিযোগ করে বলেছেন, “ড্রোন হামলা সম্পর্কে পাকিস্তানের কাছে পূর্ণ তথ্য ছিল। পাকিস্তান যুক্তরাষ্ট্রের দাস। এটি যুক্তরাষ্ট্রের কলোনি।” অজ্ঞাত স্থান থেকে এক বার্তায় শাহীন বলেন, হাকিমুল্লাহকে হত্যার প্রতিশোধ হিসাবে নিরাপত্তা বাহিনী, সরকারি কার্যালয় এবং রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হবে। তিনি আরো বলেন, “আমাদের একটি পরিকল্পনা আছে। তবে আমরা একটি কথা পরিষ্কার করে বলে দিতে চাই যে, আমরা বেসামরিক নাগরিক, বাজার কিংবা জনসমাগম এলাকাগুলো লক্ষ্য করে হামলা চালাব না। মানুষজনের আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই”।
