বিশ্বকাপ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানালো বিএসজেএ

আপডেট : ২০ মে ২০১৯, ২০:৫৩

আইসিসি বিশ্বকাপে অংশ নিতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দলকে শুভ কামনা জানালো বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ)। গত রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন হ্যান্ডবল মাঠে ক্রীড়াবিদ, সংগঠক ও গণমাধ্যম কর্মীদের জন্য আয়োজিত ইফতার অনুষ্ঠানে ১৫ সদস্যের স্কোয়াডের প্রতিকৃতি সম্বলিত একটি কাঠের ভাস্কর্য ক্রিকেট বোর্ডকে উপহার দেওয়া হয়। স্মারকটি গ্রহণ করেন বিসিবির পরিচালক নাঈমুর রহমান দুর্জয়, আকরাম খান, আহমেদ সাজ্জাদুল আলম ববি ও হানিফ ভুঁইয়া এবং নির্বাচক হাবিবুল বাশার সুমন।

এর আগে একই ভেন্যুতে ‘বাজেট ও ক্রীড়াঙ্গন’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে বিএসজেএ। এতে বক্তারা জাতীয় বাজেটে ক্রীড়াঙ্গনের জন্য বরাদ্দ আরো বৃদ্ধি করার তাগিদ দেন। কারণ তাদের মতে ক্রীড়াঙ্গনের মধ্য দিয়েই একটি দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি বৃদ্ধি পায়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, বিওএ কোষাধ্যক্ষ কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল, হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর, বিওএ উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফিরোজা করিম নেলী।

এরপর দোয়া মাহফিল ও ইফতার আয়োজন করা হয়। -খবর বিজ্ঞপ্তির