আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন। গতকাল শনিবার মৌলভীবাজারের বড়লেখায় জনসভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তিনি পদত্যাগপত্র প্রদান করেন। নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের লক্ষ্যে আগামীকাল সোমবার মন্ত্রিসভার বাকি সকল সদস্য প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেবেন। পরে অন্তর্বর্তী সর্বদলীয় সরকারে প্রধানমন্ত্রী বর্তমান মন্ত্রিসভার সদস্যদের মধ্যে যাদের রাখবেন, তাদেরটা ছাড়া বাকি মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেবেন। প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেয়ার কথা ইত্তেফাকের কাছে স্বীকার করেছেন সুরঞ্জিত সেনগুপ্ত। পদত্যাগপত্র জমা দিয়ে তিনি তার নির্বাচনী এলাকা সুনামগঞ্জে যান। প্রসঙ্গত, এর আগে গত মঙ্গলবার সর্বপ্রথম পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম।
